ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ১৫ বছর আগের সোহেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা আহমেদ এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কানিহারী ইউনিয়নের বাগাদাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার বেপারী, তার দুই ছেলে আলমগীর হোসেন আলম বেপারী ও রনি বেপারী এবং একই এলাকার আশিকুর রহমান আশিক। রায় ঘোষণার সময় আদালতে কেবল আব্দুল সাত্তার বেপারী উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) হাবিবুর রহমান।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৮ মে জমি থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে আসামিদের সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোহেলের বাবা আব্দুল সালাম বেপারী একই বছরের ২ জুন ত্রিশাল থানায় ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন। জরিপানার অর্থ অনাদায়ে আসামিদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।