বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘গুণী শিক্ষক সম্মাননা পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বছরের সম্মাননা তালিকায় ময়মনসিংহ বিভাগ থেকে এই মর্যাদাপূর্ণ পদক অর্জন করেছেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান।
প্রধানমন্ত্রী থেকে এই বিশেষ পদক প্রাপ্তির কথা জানাজানি হওয়ার পর, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনা সরকারি কলেজের হলরুমে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আবু তাহের খান।
অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান। অশ্রুসিক্ত চোখে তিনি একজন ‘গুণী শিক্ষক’ হয়ে ওঠার পেছনে তার দীর্ঘদিনের সংগ্রাম এবং কষ্টের কথা স্মৃতিচারণ করেন। তিনি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের এক অত্যন্ত অসচ্ছল কৃষক পরিবারে তার জন্ম। চরম আর্থিক অনটনের কারণে ছাত্রজীবনে তিনি কখনোই প্রাইভেট বা কোচিং করার সুযোগ পাননি। তবে প্রতিকূল পরিবেশের মধ্যেও কঠোর পরিশ্রমের মাধ্যমে ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষায় তিনি কেন্দ্রসেরা ফলাফল অর্জন করেন।
উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তির পর আর্থিক সংকটের কারণে শহরে থাকার সামর্থ্য তার ছিল না। ফলে কলমাকান্দায় মামার বাড়িতে থেকে টিউশনি শুরু করেন তিনি। টিউশনির সেই সামান্য আয় দিয়েই নিজের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি পরিবারের আর্থিক দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি।
কর্মজীবনের কথা উল্লেখ করে তিনি জানান, ১৯৯৬ সালে ১৬তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে নড়াইল সরকারি কলেজে প্রভাষক হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় বর্তমানে তিনি নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজেকে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত করার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “জীবনে যত প্রতিকূলতাই আসুক না কেন, ধৈর্য ও একাগ্রতার সাথে তা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা সরকারি কলেজ শাখার সার্বিক তত্ত্বাবধানে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নেত্রকোনা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কাদির ফকির, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মুখলেছুর রহমান আকন্দ, নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।
নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিহাব আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।