ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা ব্র্যান্ডের গাড়ি ক্রয়ে বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ডিএইচএস মোটরস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।
এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে গাড়ি রেজিস্ট্রেশনের সুবিধা পাবেন। এছাড়া গাড়ি কেনার প্রক্রিয়াকে আরও সহজ ও সহজলভ্য করতে ব্যাংকের নির্দিষ্ট শর্তাবলীর অধীনে গ্রাহকেরা সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত বিশেষ অটো লোন সুবিধা গ্রহণ করতে পারবেন।
গত ৪ অক্টোবর ঢাকায় উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, রিটেইল ব্যাংকিংয়ের হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড তানভীর রহমান, হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ। অন্যদিকে, ডিএইচএস মোটরসের পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান এবং হেড অব অপারেশনস মোহাম্মদ ফাহিম হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এই উদ্যোগ সম্পর্কে বলেন, ‘আমাদের প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন এমনভাবে সাজানো হয়েছে, যা গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিংয়ের গণ্ডি পেরিয়ে তাঁদের লাইফস্টাইল ও যাতায়াতকে স্বাচ্ছন্দ্যময় করতে নানাবিধ সুবিধা দেয়।’ তিনি আরও উল্লেখ করেন, ‘ডিএইচএস মোটরসের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা সহজ অর্থায়ন এবং বিশেষ অটোমোটিভ সুবিধার এক অনন্য সমন্বয় নিয়ে এসেছি, যা গ্রাহকদের গাড়ি কেনার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করবে। প্রিমিয়াম ব্যাংকিংয়ের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে আমরা ভবিষ্যতেও এমন মিনিংফুল পার্টনারশিপ অব্যাহত রাখব।’
উল্লেখ্য যে, এই অংশীদারিত্বের সুযোগ কেবল গাড়ি ক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা ডিএইচএস মোটরসের আউটলেটগুলো থেকে সারা বছর জুড়ে গাড়ির খুচরা যন্ত্রাংশ ক্রয় এবং মেইনটেন্যান্স সার্ভিসের ক্ষেত্রেও বিশেষ ডিসকাউন্ট বা ছাড় পাবেন। এই বিশেষ অফারটি আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
ডিএইচএস মোটরস লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য অটোমোবাইল প্রতিষ্ঠান এবং তারা দেশে হোন্ডা ও জিএসি গাড়ির একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও সার্ভিস সেন্টার হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।