বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বিজিএমইএ-র কর্মকর্তাদের জন্য উন্নতমানের এমপ্লয়ি ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে। এছাড়াও, ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে ২৪/৭ এটিএম বুথ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই বুথটি পোশাকশিল্পের উদ্যোক্তা ও কর্মকর্তাদের রিয়েল-টাইম লেনদেন, নগদ জমা ও উত্তোলনের সুবিধা প্রদান করবে।
ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুক্তির আওতায় বিজিএমইএ-র কর্মকর্তারা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পারসোনাল লোন, ডিপিএস, এফডিআরসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা লাভ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএ-র সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ডিএমডি মো. মাহীয়ুল ইসলাম, শেখ মোহাম্মদ আশফাক, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং বিজিএমইএ-র জ্যেষ্ঠ সহসভাপতি এনামুল হক খান, সহসভাপতি মিজানুর রহমান, মহাসচিব মো. শহীদুল ইসলাম, অর্থ নিয়ন্ত্রক মো. শামসুল আরেফিন ও প্রধান প্রকৌশলী মো. সোরওয়ার্দী শিকদার উপস্থিত ছিলেন।