কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের পথে যাত্রীবাহী স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্টে লুকিয়ে রাখা ১০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই মাদক উদ্ধারের পাশাপাশি বিপ্লব ইসলাম (২৮) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার নয়মাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নয়মাইল এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করেন অধিদপ্তরের সদস্যরা। তল্লাশির সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এভারগ্রীন পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাসে সন্দেহজনক কিছু লক্ষ্য করা হয়। এরপর বাসের এ-ফোর নম্বর সিঙ্গেল কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৩টি জিপার ব্যাগ খুঁজে পাওয়া যায়। প্রতিটি ব্যাগে ২০০টি করে মোট ১০ হাজার ৬০০ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা বলে জানানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “উদ্ধার করা ইয়াবাগুলো কক্সবাজার থেকে গাইবান্ধায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার বিপ্লব ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”