পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আলোকে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সরকারি সকল ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা একটি পরিপত্রের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশ না করা পর্যন্ত সব কার্য, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত নতুন বা চলমান দরপত্র ও ক্রয় প্রক্রিয়া বন্ধ থাকবে।” তবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না।
পরিপত্রে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট সকল সংস্থাকে এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।