সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে মাছ ধরার সময় অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু মুন্না ও তার ভাইয়ের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুন্দরবনের কুকুমারী ও ডিঙিমারী খালে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আক্কাজ গাজীর ছেলে রফিকুল গাজী (৩৮), কওছার গাজীর ছেলে ইয়াছিন গাজী (৩২), তেরাব খাঁর ছেলে ফারুক খাঁ (২৫), শওকত মোল্লার ছেলে শফিকুল মোল্লা (২৮), ইসাক গাজীর ছেলে নুরুজ্জামান গাজী (৩৫) এবং শরিফুল গাজীর ছেলে সাইফুল গাজী (৩০)।

এ সময় জেলেদের আহরিত মাছ, খাদ্যসামগ্রী, নৌকা, মাছ ধরার সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। অপহৃত জেলেদের মুক্তির বিনিময়ে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

অপহৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বুড়িগোয়ালিনী বন স্টেশন থেকে মাছ ধরার অনুমতি নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। পরে কুকুমারী ও ডিঙিমারী খালে মাছ ধরার সময় বনদস্যুদের দুটি দল যৌথভাবে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। একপর্যায়ে তাদের অপহরণ করে নিয়ে যাওয়ার পাশাপাশি মাছ, নৌকা ও অন্যান্য মালামাল লুট করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

অপহৃতদের মুক্তির জন্য বনদস্যুরা ছয় লাখ টাকা দাবি করেছে বলে জানিয়েছে পরিবারগুলো। এ ঘটনায় অপহৃত জেলেদের স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত জেলেদের নিরাপদে উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম বলেন, জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।