নতুন করে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরুর প্রথম দিন থেকেই গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানিয়ে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল ব্যাংক।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর দিলকুশা শাখায় সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পুরো শাখাটি রঙিন বেলুন দিয়ে সাজানো হয়েছে। প্রবেশপথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের হাতে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিলেন ব্যাংকের কর্মীরা। অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
টাকা তুলতে আসা গ্রাহকদের কেবল মিষ্টিমুখই করানো হচ্ছে না, পাশাপাশি কফি দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। বিশেষ করে আজ যাঁরা অর্থ উত্তোলন করছেন, তাঁদের মূলত নতুন টাকার নোট প্রদান করা হচ্ছে।
শাখাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ১১ অক্টোবর যাঁরা টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছিলেন, আজ তাঁদের চাহিদা অনুযায়ী অর্থ প্রদান করা হচ্ছে। এছাড়া মানবিক ও বিশেষ বিবেচনায় অন্যান্য গ্রাহকদেরও টাকা দেওয়া হচ্ছে। তবে বড় অঙ্কের অর্থ উত্তোলনের আবেদনকারীদের ক্ষেত্রে তাঁদের কয়েক দিন পর পুনরায় আসতে বলা হয়েছে।
সকালে এই শাখায় মুন্সিগঞ্জ গজারিয়া শাখার এক গ্রাহক মোহাম্মদ হান্নান দেওয়ানের সঙ্গে কথা হয়। অসুস্থ বাবার চিকিৎসা ব্যয়ের জন্য তিনি ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন। তিনি বলেন, ‘প্রতি সপ্তাহে এই শাখা থেকে ২০ হাজার টাকা করে তুলেছি। আজ ৪০ হাজার টাকা তুলেছি। বাবা হাসাপাতালে ভর্তি; তাঁর নিয়মিত চিকিৎসা নিশ্চিত করতে প্রতি সপ্তাহে ২০ হাজার টাকা লাগে। এর আগে একসঙ্গে বেশি টাকা তুলতে চেয়েছিলাম; কিন্তু পাইনি।’
ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখা ব্যবস্থাপক মঈনুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “১১ অক্টোবর যাঁরা টাকা তোলার আবেদন করেছেন, তাঁদের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্য গ্রাহকদেরও টাকা দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, এই শাখায় মোট ৩৩ জন গ্রাহক প্রথম দিনে ১ কোটি টাকার বেশি আমানত ফেরত চেয়ে আবেদন করেছিলেন।
শাখার একাধিক কর্মকর্তার সূত্রে জানা গেছে, সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার পর প্রথম এক ঘণ্টার মধ্যেই মোট ৪০ জন গ্রাহককে প্রায় ৩২ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। অর্থ উত্তোলনের পাশাপাশি এই শাখায় টাকা জমাও নেওয়া হচ্ছে এবং অনেক গ্রাহক আজ টাকা জমা দিয়েছেন।
আজকের এই নতুন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরুর উদ্যোগকে ব্যাংকের একটি 'নবযাত্রা' হিসেবে ঘোষণা করেছে ন্যাশনাল ব্যাংক।
এর আগে ৮ অক্টোবর ন্যাশনাল ব্যাংক জানিয়েছিল, তাদের গ্রাহকেরা ১৫ অক্টোবর থেকে সব ধরনের স্বাভাবিক লেনদেন করতে পারবেন। গ্রাহকেরা সারা দেশে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথ থেকে চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। একই দিন থেকে কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকের সব ডিজিটাল ও অনলাইন সেবা পূর্ণমাত্রায় চালু হবে।