আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ। প্রকল্পের প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট ইতিমধ্য়েই সফলভাবে শুরু করা হয়েছে।

এর পাশাপাশি দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রকল্পটির বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থাপিত তথ্যের মাধ্যমেই এসব অগ্রগতির কথা জানানো হয়েছে।

জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

প্রকল্পের নিরাপত্তা ও প্রযুক্তিগত উৎকর্ষের কথা উল্লেখ করে বৈঠকে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি তৃতীয় প্রজন্মের একটি আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এবং বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে প্রকল্পের প্রতিটি ধাপ বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও প্রকল্পটি সঠিক পথে রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজও চলমান রয়েছে বলে জানানো হয়।

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনচর্চা উৎসাহিত করতে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করা হয় বৈঠকে। পাশাপাশি দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে বিদেশে রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি পর্ব এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম তুলে ধরা হয়।