কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) আপগ্রেডেশন বা আধুনিকীকরণ কার্যক্রমের কারণে আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে টানা দুই দিন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম কার্ডসহ যাবতীয় লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা একটি সার্কুলারের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলারে উল্লেখ করা হয়েছে, সোনালী ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ উন্নীত করার লক্ষ্যে ডাউনটাইমের অনুমতি প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যাংকটির সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘ওরাকল ১৯সি’-তে উন্নীত করা হবে।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টার সময় থেকে সিবিএস আপগ্রেডেশন কার্যক্রম শুরু হবে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে আগামী শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে। ফলে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহক সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই আপগ্রেডেশন কার্যক্রমের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে সার্কুলারে আরও বলা হয়, “আগামী শনিবার (১৭ অক্টোবর) কোনো টেকনিক্যাল জটিলতা না হলে ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমসহ বিবিধ সার্ভিস চলমান থাকবে।”