হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, কুমিল্লা জেলা সভাপতি এবং বটগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করা প্রবীণ আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি। এই শোকবার্তা প্রকাশ করেছেন সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমের জন্য পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, ‘আল্লামা নূরুল হক বটগ্রামী (রহ.) ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও বর্ষীয়ান বুজুর্গ আলেম। তিনি তার দীর্ঘ বর্ণাঢ্য জীবনে ইলমে দ্বীনের প্রচার-প্রসার, কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং দ্বীনি খেদমতে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তার মৃত্যুতে দেশের দ্বীনি অঙ্গনে ও আলেমদের মহলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

মরহুমের দ্বীন ও মিল্লাতের জন্য যে অসামান্য অবদান রয়েছে, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে উল্লেখ করেন তারা।

নেতারা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে প্রার্থনা করেন যেন আল্লাহ তাআলা মরহুমের সব নেক আমল ও দ্বীনি খেদমত কবুল করেন, তার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মর্যাদা দান করেন।

একই সঙ্গে তারা আল্লামা নূরুল হকের শোকাহত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহর কাছে তাদের জন্য ধৈর্যের তাওফিক কামনা করেছেন।