ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে নির্বাচনি এলাকায় টানা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণের আগের দিন অর্থাৎ ২৮ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ২৯ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ ছাড়া জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসামগ্রী এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রত্যেকের জন্য একটি এবং তাদের নির্বাচনি এজেন্টদের প্রত্যেকের জন্য একটি করে গাড়ি চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে যথাযথ নিয়োগপত্র বা পরিচয়পত্র থাকতে হবে। জিপ, কার, মাইক্রোবাসসহ ছোট আকৃতির এসব যানবাহন চলাচলের জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমোদন নিতে হবে এবং গাড়িতে স্টিকার প্রদর্শন করতে হবে।

সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনি প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।