আগের ম্যাচে সোবহানা মোস্তারীর সেঞ্চুরির সৌজন্যে দুইশ রানের অধিক সংগ্রহ করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলের। শুরুতেই মেগান শাটের বিধ্বংসী বোলিংয়ের সামনে দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। পরবর্তীতে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অর্ধশতক লড়াইয়ে কিছুটা স্বস্তি দিলেও শেষ পর্যন্ত ১৭২ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস।
বুধবার (১৪ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৪৯ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৭২ রান তোলে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন স্বর্ণা। অন্যদিকে শারমিনের ব্যাট থেকে এসেছে ৫০ রান। অস্ট্রেলিয়ার বোলার মেগান শাট মাত্র ১৬ রান খরচ করে চার উইকেট শিকার করেন।
ইনিংসের শুরু থেকেই শাটের বোলিংয়ের সামনে দিশাহারা হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তৃতীয় ওভারেই মুর্শিদা খাতুনকে (১) প্যাভিলিয়নে ফেরত পাঠান এই পেসার। এরপর একে একে শারমিন সুলতানা (৬) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (৩) উইকেট তুলে নেন তিনি। মাত্র ১৮ রানেই তিন উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ।
সেই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শারমিন আক্তার এবং আগের ম্যাচে সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারী। তবে ১৭তম ওভারে সোবহানাকেও আউট করেন শাট। ২৪ বলে মাত্র ৯ রান করে বিদায় নেন তিনি। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪৫ রান।
এরপর স্বর্ণাকে সঙ্গী করে দলের হাল ধরেন শারমিন। পঞ্চম উইকেটে ৫৪ রানের একটি জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন তারা। ধৈর্যশীল ব্যাটিং প্রদর্শন করে ৯৩ বলে ৮টি চারের সাহায্যে ফিফটি পূর্ণ করেন শারমিন। তবে ব্যক্তিগত ৫০ রানেই এলিস পেরির বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩৪তম ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৯৯ রান।
শারমিন আউট হলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান স্বর্ণা। রিতু মণির সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৬ এবং রাবেয়া খানের সঙ্গে সপ্তম উইকেটে ২৭ রান যোগ করেন তিনি।
দলের সংগ্রহ দেড়শ রান অতিক্রম করার পর নিজের ফিফটিও তুলে নেন স্বর্ণা। শেষ পর্যন্ত ৭১ বলে ৪টি চারের সাহায্যে ৫৪ রান করেন এই অলরাউন্ডার। ৪৯তম ওভারে অ্যানাবেল সাদারল্যান্ডের বলে স্টাম্পড হয়ে মাঠ ছাড়েন তিনি।
শেষ দিকে রাবেয়া খান ১৩, রিতু মণি ৯ ও সুলতানা খাতুন ৫ রান করেন। ১৩ রানে অপরাজিত থাকেন দিশা বিশ্বাস। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে সুলতানা আউট হলে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শাট। ১০ ওভারে পাঁচটি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে চার উইকেট নেন তিনি। সাদারল্যান্ড ২৫ রানে এবং অ্যাশলি গার্ডনার ৪৯ রানে দুটি করে উইকেট পান। পেরি ও আলানা কিং একটি করে উইকেট শিকার করেন।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ৭ ও ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে আগেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে জয় পেতে স্বাগতিকদের প্রয়োজন এখন মাত্র ১৭৩ রান।