অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপক্ষীয় সিরিজের সূচনাটা খুব একটা সুখকর হলো না বাংলাদেশ নারী দলের জন্য। ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ; ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ফিরে যান ওপেনার ফারজানা হক। সেই বিপর্যয় কাটিয়ে ওঠার সুযোগ পাওয়ার আগেই আরও তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। তবে শুরুর এই কঠিন পরিস্থিতির পর ঋতু মনির লড়াকু ব্যাটিংয়ের কল্যাণে শেষ পর্যন্ত ১৬৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিং আক্রমণ সামলাতে হিমশিম খেয়ে ৪৯.৪ ওভারে অলআউট হয়ে যায় সফরকারী দল।
ম্যাচের শুরুতেই মেগান শুটের প্রথম বলে উইকেট হারান ফারজানা। তৃতীয় ওভারেই শুটের দ্বিতীয় শিকার হন শারমিন সুলতানা। মাত্র ১১ রানে দুই উইকেট হারানোর পর শারমিন আক্তার (২৪) কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও দীর্ঘক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি।
এরপর সোবহানা মোস্তারি মাত্র ২ রান করে আউট হলে ৪৮ রানে চার উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে বাংলাদেশ। এই কঠিন সময়ে অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তার ইনিংসটি মেরামত করার চেষ্টা করেন, তবে রান সংগ্রহের গতি ছিল অত্যন্ত মন্থর।
নিগার সুলতানা ৮৬টি বল খেলে ২৯ রান করেন এবং স্বর্ণা আক্তার ৫০ বলে ২১ রান সংগ্রহ করেন। এই দুজনের ধীরগতির ব্যাটিংয়ের কারণে প্রথম ২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৮৩ রানে। ৩৩তম ওভারে স্বর্ণাও আউট হয়ে গেলে ১০৩ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
সেখান থেকে ইনিংসের দায়িত্ব নেন ঋতু মনি। এক প্রান্তে সতীর্থদের দ্রুত পতনের মাঝেও রান তোলার লড়াই চালিয়ে যান এই অলরাউন্ডার। ৬৩ বলে পাঁচটি চার মেরে দলের সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি।
রাবেয়া খান ১৩ বলে ১১ রান করে বিদায় নেওয়ার পর নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৩৭ রান যোগ করেন ঋতু। এই জুটির প্রচেষ্টাতেই বাংলাদেশ দেড়শ রানের গণ্ডি পার করে। তবে ৪৮তম ওভারে রানআউট হয়ে মাঠ ছাড়েন ঋতু মনি। শেষ পর্যন্ত ১৯ রানে অপরাজিত থাকেন নাহিদা আক্তার।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে কার্যকর ছিলেন সাদারল্যান্ড। তিনি ৯.৪ ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট শিকার করেন। শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলা মেগান শুট ১০ ওভারে চারটি মেডেনসহ মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়্যারহ্যাম ও অ্যাশলি গার্ডনার।