গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় অবস্থিত ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামক একটি ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের পাশাপাশি এখন বাংলাদেশ সেনাবাহিনীও সক্রিয়ভাবে কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পরবর্তীতে দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল আগুন নেভানোর প্রচেষ্টায় যোগ দেয়।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল সোয়া ১০টার দিকেই টঙ্গীর চেরাগ আলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ওষুধ কারখানায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের ব্যাপকতার কারণে পরবর্তীতে গাজীপুর ও ঢাকাসহ আশপাশের আরও ১৮টি ইউনিট সেখানে এসে যোগ দেয়। সব মিলিয়ে ১৯টি ইউনিট একযোগে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনের প্রচণ্ডতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে তলব করা হয় এবং তারা বর্তমানে উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, “ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ১৯টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।”
এদিকে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা অনন্য বাহিনীও কাজ করছে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।”