গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দীর্ঘ তিন ঘণ্টার প্রচেষ্টায় শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে মেট্রিক্স গার্মেন্টস নামের কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন ধরে। কারখানা কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে গাজীপুর চৌরাস্তা মর্ডান স্টেশনের তিনটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কোনাবাড়ী স্টেশন থেকে একটি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিটের নিরলস চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের তীব্র ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৬৯ জন অসুস্থ হয়ে পড়েন, যাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারখানার নিজস্ব কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং আশপাশে পুকুর বা পানির উৎসের অভাব থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় কর্মীদের।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, "শনিবার বেলা ৩টার দিকে গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।"