গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কারখানার ভেতরে আটকে পড়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ জন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে মেট্রিক্স গার্মেন্টস নামের কারখানাটির সাততলা ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। বর্তমানে মোট নয়টি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, "আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ জনকে এ পর্যন্ত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।"
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, কারখানার আশেপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এছাড়া কারখানাটিতে নিজস্ব কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি সামাল দিতে আরও বেশি সময় লাগছে।