গাজীপুর জেলার টঙ্গীর চেরাগআলী এলাকায় অবস্থিত ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামক একটি ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের টঙ্গী, গাজীপুর ও উত্তরাসহ পার্শ্ববর্তী এলাকার মোট ১৮টি ইউনিট যৌথভাবে কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি ওষুধের কারখানায় আগুন লাগার খবর আসে। এই খবর পাওয়ার পর প্রাথমিক পর্যায়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা ও পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে গাজীপুর ও ঢাকাসহ আশপাশের আরও ১৫টি ইউনিট সেখানে এসে যোগ দেয়। বর্তমানে মোট ১৮টি ইউনিট একযোগে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এই অভিযানে তদারকি করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ১৮টি ইউনিট কাজ করছে৷ তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।”