ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের নার্সারি শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি নীতিমালা অনুসরণ করে প্রভাতি ও দিবা উভয় শাখায় শূন্য আসনে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তির জন্য নির্ধারিত শাখা ও মাধ্যমগুলো হলো—
প্রভাতি শাখা: ১. নার্সারি শ্রেণি–বাংলা মাধ্যম, ২. নার্সারি শ্রেণি–ইংরেজি মাধ্যম।
দিবা শাখা: ১. নার্সারি শ্রেণি–বাংলা মাধ্যম, ২. নার্সারি শ্রেণি–ইংরেজি মাধ্যম।

আবেদনকারী শিক্ষার্থীদের বয়সসীমা নির্দিষ্ট করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৭ তারিখে শিক্ষার্থীর বয়স ৪ বছরের ঊর্ধ্বে এবং ৫ বছরের নিচে হতে হবে। অর্থাৎ, জন্মতারিখ ১ জানুয়ারি ২০২২ তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে হতে হবে।

আবেদনকারীদের দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে রয়েছেন সামরিক বাহিনীর সদস্যদের সন্তান (কর্মরত ও অবসরপ্রাপ্ত) এবং প্রতিরক্ষা খাতে বেতনভুক্ত (কর্মরত কর্মকর্তা ও কর্মচারী)। দ্বিতীয় ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন বেসামরিক ও অন্য ব্যক্তিদের সন্তানরা।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আগ্রহী অভিভাবকরা www.sagc.edu.bd ওয়েবসাইটের Nursery Admission–এ ক্লিক করে আগামী ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন সম্পন্ন করার পর শিক্ষার্থীদের প্রবেশপত্রটি সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে।

আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে মোট ৩৩০ টাকা। এর মধ্যে ফরমের মূল্য ও সেবাদানকারী প্রতিষ্ঠানের চার্জ (ব্যাংক ও অনলাইন চার্জ) বাবদ ৩০০ টাকা এবং ৩০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

ভর্তির জন্য নির্বাচিত হতে হবে সাক্ষাৎকারের মাধ্যমে। ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ২০২৬ তারিখে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ডাকা হবে। এই সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য হলো প্রবেশপত্র, জন্মনিবন্ধন এবং ক্যাটাগরিসহ সব তথ্যের সত্যতা যাচাই–বাছাই করা। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীর সাথে মা–বাবাকে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য, একজন শিক্ষার্থী প্রভাতি ও দিবা উভয় শিফটে আবেদন করতে পারবেন, তবে উভয় শিফটে আবেদন করলেও সাক্ষাৎকার নেওয়া হবে একবারই।

লটারির প্রক্রিয়াটি ৮, ৯ ও ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে অনলাইনে অনুষ্ঠিত হবে। লটারির বিস্তারিত প্রক্রিয়া ও সময়সূচি পরবর্তীতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চূড়ান্ত ভর্তির তারিখ নির্ধারিত করা হয়েছে। প্রভাতি শাখার (বাংলা ও ইংরেজি মাধ্যম) জন্য ১৩ ডিসেম্বর ২০২৬ এবং দিবা শাখার (বাংলা ও ইংরেজি মাধ্যম) জন্য ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখ ধার্য করা হয়েছে। ভর্তির সময় হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।