রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে নিয়োগের জন্য লটারির মাধ্যমে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে মনোনীত করা হয়েছে। দেশের ‘এ ক্যাটাগরি’র মোট ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে এই স্বচ্ছ প্রক্রিয়ায় তাদের নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত এই ১৮ জনের মধ্য থেকে এখন তাদের ব্যক্তিগত দক্ষতা, কাজের চাপ সামলানোর সক্ষমতা এবং সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ প্রয়োজন বিবেচনা করে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে চূড়ান্তভাবে পদায়ন করা হবে।

আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই লটারি কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং আইনসচিব লিয়াকত আলী মোল্লা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, “সাব–রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। সেই নেতিবাচক ধারণা থেকে উত্তরণের জন্য কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। ঢাকায় পদায়নকে সাব–রেজিস্ট্রারদের জন্য ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রথম ধাপে ঢাকায় পদায়নের ক্ষেত্রে লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

আইনমন্ত্রী আরও জানান, বর্তমানে সারা দেশে মোট ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন এবং প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। তিনি উল্লেখ করেন, সারা দেশে ‘এ ক্যাটাগরি’র সাব-রেজিস্ট্রার রয়েছেন ১৩১ জন, যাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জনকে বাছাই করা হয়েছে।

দুর্নীতিরোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, “শুধু ঢাকা নয়, আরও যেসব জায়গাকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে দুর্নীতির শিকড় গজানোর অভিযোগ রয়েছে, পর্যায়ক্রমে সেসব জায়গায়ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হবে।”

লটারির মাধ্যমে যাদের নাম নির্বাচিত হয়েছে তারা হলেন— মো. গোলাম মোর্তজা (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ), অমায়িক বাবু (সদর, সাতক্ষীরা), ফরিদা আক্তার (চিতোষী, চাঁদপুর), অজয় কুমার সাহা (সদর, চুয়াডাঙ্গা), অমিত মঙ্গল চাকমা (সাতকানিয়া, চট্টগ্রাম), মো. রাসেল মল্লিক (সদর, কুষ্টিয়া), গোবিন্দ সাহা (মনোহরদী, নরসিংদী), মো. মাসুম (নাজিরপুর, পিরোজপুর), এস এম আবু মুসা (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), নাজনিন জাহান (শ্যামনগর, সাতক্ষীরা), মোহাম্মদ হানিফ (দাউদকান্দি, কুমিল্লা), মনীষা রায় (পীরগঞ্জ, ঠাকুরগাঁও), সিং মং থোয়াই (গাছবাড়িয়া, চট্টগ্রাম), রাজিব মজুমদার (গোপালপুর, টাঙ্গাইল), আলী আজগর (সদর, মুন্সিগঞ্জ), শর্মিলা আহমেদ শম্পা (ঘিওর, মানিকগঞ্জ), আমিনা বেগম (সদর, যশোর) ও টিনু চাকমা (ফটিকছড়ি, চট্টগ্রাম)।