ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার অনুসরণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর মতে, এই পুরো প্রক্রিয়ায় আবেগের কোনো স্থান নেই, বরং আইনের যথাযথ প্রয়োগই হবে মূল লক্ষ্য।

আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই কর্মশালার আয়োজন করে, যেখানে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে। এটা দেখবেন যে আমরা যখন কোনো পদক্ষেপ নেব, এখানে ইমোশনের কোনো বিষয় নেই। বিষয়টা হলো, আমি আমার আইনটাকে প্রয়োগ করব।’

অনুষ্ঠান শেষে এক সাংবাদিক যখন জানতে চান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের আদালতে কোনো আইনি লড়াই করার পরিকল্পনা রয়েছে কি না, তখন আইনমন্ত্রী জানান, এটি মূলত ভারত সরকারের এখতিয়ারের বিষয়। তিনি বলেন, ‘এইটা ভারত সরকারের ব্যাপার। বন্দীবিনিময় চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি। তারা আমাদেরকে হ্যান্ডওভার করলে আমরা তাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করার দরকার সেভাবে করব।’

ভারত সরকার শেখ হাসিনাকে বন্দী হিসেবে নয়, বরং রাষ্ট্রীয় অতিথি হিসেবে গণ্য করছে—এই বিষয়ে জানতে চাওয়া হলে মো. আসাদুজ্জামান কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী—এটা হলো আমাদের কাছে তার পরিচয়।…তারা (ভারত) কি বলছেন, তারা বললে তো হবে না! আমার রাষ্ট্রে ওপেন আদালতে বিচার হয়েছে।’