নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং খাদ্যে ভেজাল রোধে গৃহীত পদক্ষেপগুলো খতিয়ে দেখতে ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের পূর্বেই তিনি এই বিশেষ পরীক্ষাগারটি পরিদর্শন করেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে তিনি খাদ্যের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষার পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন চলাকালীন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে এই ল্যাবরেটরির বিস্তারিত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, দেশের ৬৪টি জেলায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এই উদ্যোগেরই একটি অংশ হিসেবে বর্তমানে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় মোট ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

খাদ্য নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভ্যানের বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়, যাতে পথচারী ও সাধারণ নাগরিকরা বিষয়টি সম্পর্কে জানতে পারেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।