২০২৭ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে এখনো দীর্ঘ সময় বাকি থাকলেও, টুর্নামেন্টের টিকিটের জন্য ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র ১২ দিনের মাথায় দেড় কোটিরও বেশি টিকিটের চাহিদা জমা পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বিশ্বের মোট ১৪২টি দেশের সমর্থকেরা এই বিপুল সাড়া দিয়েছেন।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি টিকিটের আবেদনের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি টিকিটের জন্য আবেদন করা হয়েছে। এই বিপুল সংখ্যক টিকিটের জন্য মোট ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭টি নিবন্ধন সম্পন্ন হয়েছে।
বিশ্বকাপের টিকিটের প্রতি মানুষের আগ্রহ কতটা প্রবল, তা গত এক সপ্তাহের তথ্য় বিশ্লেষণ করলেই স্পষ্ট হয়। গত ৬ অক্টোবর আইসিসি জানিয়েছিল যে, আবেদনের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। কিন্তু দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই সেই সংখ্যা লাফিয়ে দেড় কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে।
আবেদনের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাজ্যের ক্রিকেটপ্রেমীরা। তাদের পর আগ্রহের দিক থেকে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সমর্থকেরা।
ক্রিকেটপ্রেমীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছ্বসিত আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত। তার মতে, এই বিপুল আবেদন বিশ্বকাপের বিশ্বব্যাপী জনপ্রিয়তা এবং আয়োজক হিসেবে আফ্রিকার বিশেষ আকর্ষণকেই ফুটিয়ে তুলেছে।
সঞ্জোগ গুপ্ত বলেন, ‘টিকিটের বিপুল চাহিদা ক্রিকেট বিশ্বকাপের মর্যাদা ও আকর্ষণের প্রমাণ। একই সঙ্গে গন্তব্য হিসেবে আফ্রিকার প্রতি মানুষের আগ্রহ এবং বিশ্বকাপ ঘিরে প্রত্যাশার প্রতিফলনও এটি।’
টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত আগামী এক বছর ধরে বিশ্বকাপ কেন্দ্রিক বিভিন্ন প্রচারণা এবং বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও আইসিসির প্রধান নির্বাহী জানিয়েছেন।
উল্লেখ্য যে, দেড় কোটির বেশি আবেদন জমা পড়লেও এখন পর্যন্ত কোনো টিকিট বিক্রি করা হয়নি। আইসিসি এবার টিকিট বরাদ্দের জন্য লটারিভিত্তিক একটি বিশেষ পদ্ধতি চালু করেছে। সমর্থকেরা বিনামূল্যে নিবন্ধন করে তাদের পছন্দের ম্যাচের টিকিটের জন্য আবেদন করতে পারবেন।
নিয়ম অনুযায়ী, একজন সমর্থক একটি নির্দিষ্ট ম্যাচের জন্য একবারই আবেদন করতে পারবেন। তবে ভিন্ন ভিন্ন একাধিক ম্যাচের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। প্রতিটি ম্যাচের জন্য সর্বোচ্চ চারটি টিকিট চাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
যদি কোনো ম্যাচে আসনের সংখ্যার চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হয়, তবে লটারির মাধ্যমে নির্বাচিতদের টিকিট কেনার সুযোগ দেওয়া হবে। নির্বাচিত আবেদনকারীদের ইমেইলের মাধ্যমে টিকিট কেনার প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, নিবন্ধন করলেই টিকিট পাওয়ার কোনো নিশ্চয়তা নেই।
আবেদন প্রক্রিয়ায় আগে আবেদন করলেও কোনো বাড়তি সুবিধা পাওয়া যাবে না। আইসিসি আগামী ২১ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ রেখেছে। বাংলাদেশ সময় অনুযায়ী ২২ নভেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
২০২৭ সালের ২ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ।
এবারের আসরে মোট ১৪টি দল অংশ নেবে। তিন দেশের মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৫৭টি ম্যাচ। আগামী ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
নতুন কাঠামোর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে পর্যন্ত টিকিটের আবেদনের সুযোগ রেখেছে আইসিসি।