২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু হতে এখনো প্রায় এক বছর সময় বাকি থাকলেও, গ্যালারিতে বসে সেই লড়াই দেখার জন্য দর্শকদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের ম্যাচগুলো সরাসরি মাঠে দেখার আগ্রহ যেন আকাশচুম্বী। টিকিটের জন্য জমা পড়া আবেদনের সংখ্যাই সেই প্রবল আগ্রহের প্রমাণ দিচ্ছে।
বিশ্বকাপের টিকিটের নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র ১২ দিনের ব্যবধানে দেড় কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আইসিসির দেওয়া তথ্যমতে, বিশ্বের মোট ১৪২টি দেশ থেকে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি টিকিটের আবেদন এসেছে। এই বিপুল সংখ্যক টিকিটের জন্য নিবন্ধন করেছেন মোট ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন দর্শক।
আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এই আসরের আয়োজন করছে। গত ১ অক্টোবর আইসিসি এই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
আইসিসির পরিসংখ্যান অনুযায়ী, টিকিটের আবেদনের দিক থেকে সবার আগে রয়েছে যুক্তরাজ্যের ক্রিকেটপ্রেমীরা। যুক্তরাজ্যের পর তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। মূলত এই পাঁচ দেশের দর্শকদের কাছ থেকেই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে জানানো হয়েছে।
বিশ্বকাপের টিকিট নিয়ে দর্শকদের এমন ব্যাপক আগ্রহে উচ্ছ্বসিত হয়েছন আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত। তাঁর মতে, এই বিপুল চাহিদাই প্রমাণ করে ক্রিকেট বিশ্বকাপের আবেদন বিশ্বজুড়ে কতটা ব্যাপক।
আইসিসির বিবৃতিতে সংযোগ গুপ্ত বলেছেন, ‘টিকিটের জন্য এই অভূতপূর্ব চাহিদা ক্রিকেট বিশ্বকাপের মর্যাদা ও আকর্ষণেরই প্রমাণ। একই সঙ্গে পর্যটন গন্তব্য হিসেবে আফ্রিকার আকর্ষণ এবং বিশ্বকাপ সামনে রেখে আইসিসি ও এর অংশীদারদের প্রচারণা দর্শকদের মধ্যে যে প্রত্যাশা তৈরি করেছে, সেটিও এতে ফুটে উঠেছে।’
বিশ্বকাপ ঘিরে আগামী এক বছরে আরও বড় পরিসরে প্রচারণার পরিকল্পনা করেছে আইসিসি। এ বিষয়ে সংযোগ গুপ্ত বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছর বাকি। এই সময়ের মধ্যে আইসিসি বিভিন্ন ধরনের কার্যক্রম, একাধিক প্ল্যাটফর্মে প্রচারাভিযান ও নানা ধরনের কনটেন্ট প্রকাশের পরিকল্পনা করেছে। এসব উদ্যোগ ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে।’
আগ্রহী দর্শকদের জন্য আইসিসির ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ থাকছে আগামী ২১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বাংলাদেশ সময় অনুযায়ী, নিবন্ধনের শেষ সময় হবে ২২ নভেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট।
টিকিটের জন্য নিবন্ধনের ক্ষেত্রে কোনো অর্থ প্রদান করতে হবে না। একজন দর্শক একটি নির্দিষ্ট ম্যাচের জন্য একবারই আবেদন করতে পারবেন। তবে বিশ্বকাপের একাধিক ম্যাচের টিকিট পেতে চাইলে আলাদাভাবে আবেদন করার সুযোগ রয়েছে।
কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, আগে আবেদন করলেই টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে—এমনটি নয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা প্রত্যেকের সুযোগ হবে সমান। যদি কোনো ম্যাচের জন্য বরাদ্দকৃত টিকিটের চেয়ে আবেদনের সংখ্যা বেশি হয়, তবে লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কারা টিকিট কেনার সুযোগ পাবেন।
লটারিতে নির্বাচিত দর্শকদের ইমেইলের মাধ্যমে জানানো হবে কীভাবে টিকিট ক্রয় করতে হবে। অন্যদিকে, যাঁরা নির্বাচিত হবেন না, তাঁদেরও নিবন্ধনের সময় দেওয়া ইমেইল ঠিকানায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, দেড় কোটির বেশি আবেদন জমা পড়লেও এখন পর্যন্ত কেউ টিকিট পাননি। বর্তমানে মূলত টিকিট কেনার সুযোগ পাওয়ার জন্য একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।