কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন উপহার প্রদান করেছে স্থানীয় জামায়াতে ইসলামী।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে ওই নারীর বাসভবনে গিয়ে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ তার হাতে সেলাই মেশিনটি তুলে দেন।

উপহারপ্রাপ্ত ওই নারীর নাম ঝুমা আক্তার। তার স্বামী মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্বামীর মৃত্যুর পর ঝুমা আক্তার ও তার পরিবার চরম আর্থিক সংকটের মুখে পড়েন। এই সংকট কাটিয়ে উঠতে এবং তার আয়ের একটি স্থায়ী পথ তৈরি করতে জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী এবং পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন।

সেলাই মেশিনটি পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ঝুমা আক্তার বলেন, “আমার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। আমরা বিএনপির রাজনৈতিক পরিবারের হলেও জামায়াতে ইসলামী দল-মতের ঊর্ধ্বে উঠে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে। আমার তিনটি মেয়ে রয়েছে। এমন সহযোগিতা আমার পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি।”

তিনি আরও উল্লেখ করেন যে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দলীয় ভেদাভেদ থাকা উচিত নয়। জামায়াতে ইসলামীর এই মানবিক পদক্ষেপের জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সেলাই মেশিন বিতরণের কর্মসূচি শেষে প্রয়াত সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান বলেন, “আমরা কাউকে সহযোগিতা করার ক্ষেত্রে তিনি কোন দলের বা কোন ধর্মের, তা বিবেচনা করি না। আমরা দেখি, কার সহযোগিতা প্রয়োজন। এটাই আমাদের নীতি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।”