রাজধানীর প্রাণকেন্দ্র রমনার ইস্কাটনের প্লট-৯৪-এ বর্তমানে গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক আবাসন ও বাণিজ্যিক প্রকল্প, যার নাম দেওয়া হয়েছে ‘এসইএল ট্রপিকানা’। বাংলামোটর ও ইস্কাটনের সংযোগকারী প্রধান সড়কের পাশেই ঢাকার কেন্দ্রস্থলে এই প্রকল্পটির অবস্থান। নাগরিক জীবনের দৈনন্দিন স্বাচ্ছন্দ্য এবং উন্নত যোগাযোগব্যবস্থার কথা মাথায় রেখেই দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) এই আধুনিক ভবনটি নির্মাণ করছে।

প্রকল্পটির নকশায় আবাসিক ও বাণিজ্যিক—উভয় অংশের জন্য আলাদা প্রবেশ ও বহির্গমন পথ রাখা হয়েছে। এর ফলে ভবনটির ব্যবস্থাপনা সহজ হবে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। ভবনের উপরের তলাগুলোতে আবাসিক ফ্ল্যাটগুলো এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেন সেখানে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের উপযুক্ত ব্যবস্থা থাকে।

আগ্রহী ক্রেতাদের জন্য এখানে ২ হাজার ১ থেকে ২ হাজার ১৫৮ বর্গফুটের প্রশস্ত ও সুপরিকল্পিত অ্যাপার্টমেন্টের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য ২৫৩ থেকে ৫৪৩ বর্গফুটের দোকান বা বাণিজ্যিক স্পেস কেনার সুযোগ রাখা হয়েছে।

বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও আরামদায়ক করতে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে বেশ কিছু আধুনিক নাগরিক সুবিধা। এর মধ্যে রয়েছে একটি অভিজাত প্রবেশপথ, শিশুদের জন্য নিরাপদ খেলার মাঠ, বিভিন্ন সামাজিক আয়োজনের জন্য কমিউনিটি হল এবং অবসরে সময় কাটানোর জন্য একটি মনোরম ছাদবাগান।

প্রতিষ্ঠানটির দাবি, শহরের একদম মাঝখানে আধুনিক আবাসনের মালিক হওয়া কিংবা একটি সফল ব্যবসার সূচনা করার জন্য এটি একটি দীর্ঘমেয়াদি এবং অত্যন্ত সম্ভাবনাময় সুযোগ।