আশুলিয়ায় নিজ বাসা থেকে অপহরণের প্রায় এক মাস পর দুই বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এই অপহরণ ঘটনার সাথে জড়িত গৃহকর্মী বেলী বেগমকে (৩৫) টাঙ্গাইল জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এসআরবি-৪ এর সিপিসি-২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে।
এসআরবি সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, শিশুটির মা আশুলিয়ার পলাশবাড়ী বটতলা এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করেন এবং স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত। কারখানায় কর্মরত থাকাকালীন শিশুটির দেখাশোনার জন্য গত ১ সেপ্টেম্বর বেলী বেগমকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৮ সেপ্টেম্বর দুপুরে শিশুটির মা কারখানায় যাওয়ার সময় শিশুটিকে বেলী বেগমের তত্ত্বাবধানে রেখে যান। তবে রাতে কাজ শেষে বাসায় ফিরে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে, শিশুটি এবং গৃহকর্মী বেলী বেগম উভয়েই নিখোঁজ। এই ঘটনার পর আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
ঘটনার পর এসআরবি-৪ ও এসআরবি-১৪-এর যৌথ প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সোমবার (১২ অক্টোবর) রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন খালপাকুটিয়া দেওলাবড়ি এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে অপহরণের অভিযোগে বেলী বেগমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
এসআরবি-৪ এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার এমএম রেজাউল হক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “আসামি বেলী বেগম পূর্বপরিকল্পিতভাবে গত ১ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাসার কাছেই ঘর ভাড়া নেন এবং ৮ সেপ্টেম্বর সুযোগ বুঝে শিশুটিকে অপহরণ করে পালিয়ে যান।” তিনি আরও জানান যে, আসামির দেওয়া তথ্য ও পরিচয় যাচাই করে দেখা গেছে তিনি কৌশলে ভুয়া পরিচয় ব্যবহার করে আসছিলেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার তৃতীয় স্বামীর বর্তমান ঠিকানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা শিশুটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করেছে এসআরবি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার।