প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে নতুন সুযোগের সম্ভাবনা এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার কার্যকর পদক্ষেপসমূহ।

বৈঠকের শুরুতেই বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সুসংহত হয়েছিল, বৈঠকে সেই স্মৃতি ও গুরুত্বের কথা স্মরণ করা হয়।

আলোচনার এক পর্যায়ে সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গ উঠে আসে। সেই উচ্চপর্যায়ের আলোচনার ধারাবাহিকতায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমবাজারের পরিধি বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে সে দেশে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ড্রাইভার ও ট্রাক ড্রাইভারের পেশায় নতুন কাজের সুযোগ তৈরি করা এবং আরও বেশি দক্ষ শ্রমিক প্রেরণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

শ্রমবাজারের পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতের সহযোগিতা জোরদার করা এবং অবকাঠামো ও শিল্প খাতের নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এই ক্ষেত্রগুলোতে বিদ্যমান সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।