সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজারের পরিধি বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি তাঁর সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। মাহদী আমিনের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বৈঠকটিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, শ্রমবাজারের সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনায় উঠে আসে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধনের কথা। বিশেষ করে, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে দুই দেশের যে ঐতিহাসিক সম্পর্ক সুসংহত হয়েছিল, বৈঠকে তা গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গও এই আলোচনায় উঠে আসে। সেই উচ্চপর্যায়ের আলোচনার ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে, ওই দেশে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ড্রাইভার ও ট্রাক ড্রাইভারের পেশায় কাজের সুযোগ তৈরি করা এবং আরও অধিক সংখ্যক দক্ষ শ্রমিক প্রেরণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

শ্রমবাজারের পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বাড়ানো এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এছাড়া অবকাঠামো ও শিল্প খাতের নতুন সম্ভাবনাগুলো নিয়ে কথা বলেন দুই প্রতিনিধি। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এই ক্ষেত্রগুলোতে বিদ্যমান সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।