ম্যাচ শুরুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। গ্যালারিতে দর্শকদের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তেই সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে পিছিয়ে দেওয়া হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচ।

প্রায় এক ঘণ্টা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মাঠে গড়ায় খেলা। এরপর গোল করার সৌজন্যে দলের জয় নিশ্চিত করেন পর্তুগিজ মহাতারকা। উজবেকিস্তানের নেফচি ফারগানাকে ৩-১ গোলে পরাজিত করে জয় তুলে নেয় আল নাসর।

সোমবার (১২ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের এই ম্যাচটি রিয়াদের আল আউয়াল পার্কে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মাত্র ১৫ মিনিট আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ নিরাপত্তা সতর্কতা জারি করে। এই আকস্মিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি কোনো দলই।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি অনুযায়ী, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে ধেয়ে আসছিল, যা মাঝপথেই প্রতিহত করা হয়। ওই সময়ে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বলে জানা গেছে।

নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠানো হয়। সেখানে তাদের শান্ত থাকার, নিরাপদ স্থানে অবস্থান করার এবং জানালা ও দরজা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে, স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের তাদের আসনেই অবস্থান করতে বলা হয়। মাইকে ঘোষণা দেওয়া হয় যে পরিস্থিতি নিরাপদ রয়েছে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে খেলা শুরুর জন্য দুই দলকে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ম্যাচের ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে স্বাগতিকরা এগিয়ে যায়।

এর নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাঁ প্রান্ত থেকে সাদিও মানে যে বলটি উঁচু করে পাঠিয়েছিলেন, তা বুক দিয়ে রোনালদোর দিকে বাড়িয়ে দেন আইমান ইয়াহিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নিচু শটে বল জালে পাঠান পর্তুগিজ তারকা।

এই গোলের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১। এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে এখন মাত্র ১৯টি গোলের দূরত্বে রয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আল নাসর বিরতির পর একটি গোল হজম করে। ৫১ মিনিটে নেফচির হয়ে ব্যবধান কমান আলিশের ওদিলভ।

এরপর ৬৫ মিনিটে আল নাসরের মোহাম্মদ সিমাকানকে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখেন নেফচির ইকরমজন আলিবায়েভ। দশজনের দলে পরিণত হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি উজবেক ক্লাবটি। উল্টো ৭৮ মিনিটে আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে আল নাসরের জয় নিশ্চিত হয়।

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের নতুন মৌসুমে এটি আল নাসরের প্রথম জয়। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছিল দলটি। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে তারা প্রথম তিন পয়েন্ট অর্জন করল।