সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো ভয়াবহ হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১৩ জনের মৃত্যু এবং ৩০০ জনেরও বেশি যাত্রী ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার এক শোকবার্তায় সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই হামলায় নিহত বাংলাদেশি নাগরিকসহ সকল ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সৌদি আরব সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সাথে তাঁরা দাবি করেছেন, আহত ব্যক্তিদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদান করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে।

শোকবার্তায় হেফাজত আমির ও মহাসচিব বলেন, “আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সম্পূর্ণ বেসামরিক নাগরিক স্থাপনায় এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। নিরীহ মানুষের ওপর এ–জাতীয় সন্ত্রাসী হামলা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।”

নিহত বাংলাদেশিদের মরদেহ যদি পরিবার চায়, তবে তা দ্রুত দেশে ফিরিয়ে এনে সম্মানের সাথে দাফন করতে হবে অথবা প্রবাসেই যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা নিশ্চিত করার কথা শোকবার্তায় উল্লেখ করা হয়।

হুতিদের এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারগুলো যেন প্রাপ্য আইনগত পাওনা ও ক্ষতিপূরণ সঠিকভাবে পায়, সে লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দ্রুত ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন হেফাজতের শীর্ষ নেতৃত্ব।

পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিমানবন্দরসহ যেকোনো বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা চিরতরে বন্ধ করতে জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তাঁরা।

ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান

অন্যদিকে, রিয়াদ বিমানবন্দরে এই হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।

সোমবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন। উক্ত বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, “মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান শত্রু ইসরায়েল। ইসরায়েলকে শক্তিশালী করে—এমন সব ধরনের কার্যক্রম থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিরত থাকতে হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।”