সরকার যদি বিধবা কার্ড প্রদানের উদ্যোগ নেয়, তবে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে সেই সুযোগটি গ্রহণ করবেন বলে দাবি করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিক কিছু নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, ‘কিছুদিন আগে একটি নিয়োগপ্রক্রিয়ার মতো করে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে এমপির ছেলেও সারের ডিলার হয়েছে, মেয়েও পেয়েছে, শ্যালিকাও পেয়েছে।’

দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে এনসিপির এই সংসদ সদস্য আরও বলেন, ‘এমনকি বিধবা কার্ড যদি দেওয়া হয়, বিধবা কার্ডের টাকা যদি দেওয়া হয়, এখানে এমপির বউও সবার আগে পাবে। বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এমন। বিধবা কার্ড—এমপির বউ সবার আগে বলবে, “আমাকে একটা দাও।”’

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে চলমান অচলাবস্থা এবং বিতর্কিত পরিস্থিতি নিয়েও কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এই বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থাটাকে বোঝেন—উনাকে (উপাচার্য) কোনো টিচার চায় না, উনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও চায় না, উনাকে উনার কলিগরাও চায় না; নির্লজ্জের মতো আজকে তালা ভেঙে উনি উনার চেয়ার দখল করেছেন। উনার তো ন্যূনতম লজ্জার একটি বিষয় আছে। উনি কী করছেন, ছাত্রদলের কয়েকজন গুন্ডা নিয়ে উনি রুমের তালা ভাঙছেন।’

তিনি আরও অভিযোগ করেন যে, সরকার তাঁকে চুয়েটে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করা বন্ধ করে দিয়েছেন এবং শিক্ষকরাও ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন। ফলে তিনি প্রায় এক মাস ধরে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। হাসনাত আবদুল্লাহর মতে, তাঁকে কেউ গ্রহণ করতে চায় না, তবুও তাঁর লজ্জা নেই।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, ‘সমাজে এ ধরনের মানসিক অধঃপতনগুলো হচ্ছে। অধঃপতনগুলোর বিরুদ্ধে আপনাদের সব সময় সচেতন থাকতে হবে।’ তিনি বিশেষভাবে সতর্ক করে বলেন, যারা শিক্ষার্থীদের ও শিক্ষকদের বিরুদ্ধে দাঁড়ান এবং যাদের কাছে শিক্ষার চেয়ে পদের গুরুত্ব বেশি, তাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম।