কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধ করতে আগামীকাল মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকায় এক ‘মোটরসাইকেল শোডাউন’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে এই কর্মসূচিটিকে ‘মোটরসাইকেল শোভাযাত্রা’ হিসেবে অভিহিত করা হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে এনসিপির নেতা-কর্মীদের মোটরসাইকেলের বহর যাত্রা শুরু করবে। সেখান থেকে শোভাযাত্রাটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে এই বিশেষ কর্মসূচিটি আয়োজন করা হচ্ছে।

এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত থাকবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং তারেক এ আদেল।

এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে আরিফুল ইসলাম আদীব মুক্তকণ্ঠকে বলেন, “আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এনসিপি এই মোটরসাইকেল শোভাযাত্রা করছে।”