কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়। এর আগে রোববার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর লালোয়া রিসোর্টের সামনে এক বিশেষ অভিযান চালিয়ে রাজুকে আটক করে পুলিশ।

ঘটনাটি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। পুলিশি তথ্যানুসারে, আটক রাজু বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ঘোনা এলাকার মনির আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম শুরু হলে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গভীর অনুসন্ধানের মাধ্যমে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। জানা গেছে, মাত্র ১৭ দিনের সম্পর্কের সূত্র ধরে রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসে। সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মেঘলা রিসোর্টে অবস্থান করেন। এক রাত থাকার পরদিন রাজু তাজমিনকে বাসে তুলে দেন।

গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তাজমিন। পরদিন সকালে ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে।