চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান উত্তেজনার এক চরম পর্যায়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য ভবনের ভেতরেই রেখে ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

জানা গেছে, আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য ভবন ত্যাগ না করায় আন্দোলনকারীরা ভবনের ফটকে তালা দিয়ে দেন।

সোমবার দুপুর ১২টার পর শিক্ষার্থীরা উপাচার্য ভবনকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করে এই কর্মসূচি পালন করেন। একই সঙ্গে তারা ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগ পাওয়ার পর গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের কারণে তিনি এতদিন সরাসরি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

এরই মধ্যে ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। সকাল থেকেই শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে চুয়েট ক্যাম্পাসে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।