একটি চাকরি মানুষের জীবন বদলে দিতে পারে—এই বিশ্বাস দীর্ঘদিনের। তবে সেই কাঙ্ক্ষিত চাকরির খোঁজে তরুণ প্রজন্মের যে দীর্ঘ লড়াই, তা নতুন কিছু নয়। বিশের দশকে ইংরেজিতে এমএ পাস করা মেধাবী তরুণ জীবনানন্দ দাশকেও মনের মতো একটি চাকরির জন্য দিনের পর দিন ঘুরে বেড়াতে হয়েছিল। কলকাতা থেকে বাগেরহাট, দিল্লি থেকে বরিশাল—কোথায় যাননি কবি! একাধিকবার চাকরি বদলে নতুন চাকরিতে যুক্ত হয়েও তিনি শান্তি পাননি। সেই ব্যক্তিগত অভিজ্ঞতা ও দীর্ঘ খেদ থেকেই হয়তো তিনি লিখেছিলেন, ‘মানুষেরই হাতে তবু মানুষ হতেছে নাজেহাল; পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি।’

আমাদের প্রত্যেকের জীবনে চাকরির গল্পগুলো হয়তো হুবহু এক নয়, তবে তার সুর প্রায় কাছাকাছি। তবে বর্তমান সময়ে ‘মনের মতো চাকরির’ সংজ্ঞায় পরিবর্তন এসেছে। এখনকার তরুণদের কাছে সবচেয়ে বড় চাওয়া একটি সরকারি চাকরি, কারণ এতে থাকে নিরাপত্তা ও নিশ্চয়তা। আর এই কারণেই সরকারি চাকরি আজ যেন এক ‘সোনার হরিণ’।

এই স্বপ্নের পেছনে ছুটতে একজন চাকরিপ্রার্থী যখন পরীক্ষার জন্য ঢাকায় আসেন, তখন তিনি শুধু নিজের সাথে আসেন না; সাথে নিয়ে আসেন মাসের পর মাস বা বছরের পর বছরের কঠোর প্রস্তুতি, পরিবারের আকাশচুম্বী প্রত্যাশা এবং জীবন বদলে দেওয়ার এক প্রবল আশা। অনেকের জন্য ঢাকায় আসার যাতায়াত খরচ জোগাড় করাটাই এক বিশাল সংগ্রাম। তা সত্ত্বেও তারা আসেন, কারণ জীবন গড়তে এই চাকরিটি অত্যন্ত প্রয়োজন। কিন্তু পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছে যদি জানতে হয় যে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে, তবে সেই মুহূর্তে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কোথায় থাকে?

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ঠিক এমনই এক হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। মুক্তকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, মোট ২৪২টি পদের বিপরীতে প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে পরীক্ষার্থীরা জানতে পারেন যে, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ততক্ষণে অনেক প্রার্থী কেন্দ্রে পৌঁছে গেছেন এবং এমনকি কারও কারও হাতে ওএমআর শিটও দেওয়া হয়েছিল।

এখানেই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর কেন পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করানো হলো? প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাঁদের ছিল, তাঁদের গাফিলতি কোথায় ছিল? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে প্রয়োজন একটি নিরপেক্ষ তদন্ত এবং নির্ভরযোগ্য প্রমাণ। মুক্তকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে এই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রশ্নপত্র কীভাবে বাইরে গেল, নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা কোথায় ছিল এবং এর সাথে কাদের সংশ্লিষ্টতা ছিল—তা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সাধারণ মানুষের প্রত্যাশা।

মনে রাখতে হবে, প্রশ্নপত্র ফাঁস কেবল একটি পরীক্ষার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে না, বরং যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পুরো প্রক্রিয়ার ওপর আঘাত হানে। একজন প্রার্থী যখন দিনরাত পড়াশোনা করে প্রস্তুতি নেন, তখন অন্য কেউ যদি পরীক্ষার আগেই প্রশ্ন পেয়ে যান, তবে প্রতিযোগিতার মাঠে সমতা থাকে কীভাবে? যারা মেধা ও কঠোর পরিশ্রমের ওপর ভরসা করে পরীক্ষায় বসেন, তাঁদের আস্থা ফিরিয়ে আনতে এই রহস্যের দ্রুত সমাধান করা অত্যন্ত জরুরি।

সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর। অর্থাৎ আগের তারিখ থেকে মাত্র ছয় দিনের ব্যবধান। কর্তৃপক্ষের কাছে দ্রুত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়তো যৌক্তিক মনে হতে পারে, কিন্তু দূরদূরান্ত থেকে আসা প্রার্থীদের জন্য এই স্বল্প সময়ের মধ্যে পুনরায় ঢাকায় আসা কি সম্ভব? অনেকেই হয়তো ধারদেনা করে যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ জোগাড় করেছিলেন। পরীক্ষা স্থগিত হওয়ায় সেই অর্থ এখন বৃথা, আর তা ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। ১৬ তারিখের পরীক্ষায় অংশ নিতে হলে তাঁদের আবারও নতুন করে টাকা জোগাড় করতে হবে এবং থাকার ব্যবস্থা করতে হবে। অনেকের পক্ষে এটি সম্ভব হলেও অনেকের জন্য হবে অসম্ভব। অর্থের অভাবে যদি কোনো মেধাবী প্রার্থী দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নিতে না পারেন, তবে তিনি নিজেকে কীভাবে সান্ত্বনা দেবেন?

নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ হলে চাকরিপ্রার্থীদের অনিশ্চয়তা বাড়ে, তাই দ্রুত পরীক্ষা নেওয়া প্রয়োজন। তবে এই দ্রুততার পাশাপাশি প্রার্থীদের বাস্তব সমস্যাগুলো বিবেচনা করাও সমান জরুরি। যে ঘটনার জন্য তাঁদের কোনো দায় নেই, তার আর্থিক বোঝা কেন তাঁদেরই বহন করতে হবে? এই ধরণের পরিস্থিতিতে পরীক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য খরচের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত ছিল।

আগামী ১৬ তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এখন কর্তৃপক্ষের প্রধান কর্তব্য। চাকরিপ্রার্থীরা কেবল একটি তারিখ চান না, তাঁরা চান একটি স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া, নিরাপদ পরীক্ষা এবং যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতার নিশ্চয়তা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত প্রার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করার মাধ্যমেই এই নিশ্চয়তা দেওয়া সম্ভব। অন্যথায়, নতুন তারিখে পরীক্ষা হলেও মৌলিক প্রশ্নটি থেকেই যাবে। পরীক্ষার পর কিংবা ফলাফল প্রকাশের দিন চাকরিপ্রার্থীরা হয়তো দীর্ঘশ্বাস ফেলে বলবেন, ‘এই ভোগান্তির শেষ কোথায়?’