ভারতের দিল্লিতে চলমান গণআন্দোলনের ওপর দমন-পীড়ন বন্ধ এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ ও মশালমিছিল করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভারতের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে সংগঠন দুটির নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ারের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।
সভাপতির বক্তব্যে রাশেদ শাহরিয়ার বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়নের ঘটনা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের দাবির আড়ালে থাকা বাস্তবতাকে উন্মোচিত করেছে। এ ঘটনা সমকালীন বিশ্ব ও রাষ্ট্রব্যবস্থার সংকটকেও সামনে এনেছে।” তিনি আরও মন্তব্য করেন যে, বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লবী গণ-আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়েই জনগণের বিজয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।
রাশেদ শাহরিয়ার ভারত সরকারের প্রতি আহ্বান জানান যেন আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হয় এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে ভারতের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে তাঁদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সংহতি প্রকাশ করেন তিনি।
এ সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ঢাকা নগর শাখার সভাপতি নওশিন মুসতারি সাথী, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর শাখার সহসভাপতি পঙ্কজনাথ সূর্য এবং বাংলাদেশ যুব ফ্রন্টের ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম। সমাবেশের কর্মসূচি শেষে শাহবাগে একটি মশালমিছিল বের করা হয়।