গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনতে বিশেষ কিছু শর্ত ও প্রত্যাশা রয়েছে ভারতের। বিশেষ করে এই প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে নয়াদিল্লি। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং নতুন করে বিচারের মুখোমুখি হওয়ার নিশ্চয়তা চায় ভারত।
গত বৃহস্পতিবার বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এসব বিষয় জানানো হয়েছে। ওই প্রতিবেদনটি উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে টেলিগ্রাফ।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দুই বছরেরও বেশি সময় পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইচ্ছা প্রকাশ করে জানান, চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরতে চান।
তবে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে প্রতিবেদনে উল্লেখিত শর্তগুলো সম্পর্কে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কিছু বলার নেই। উল্লেখ্য, বাংলাদেশ বা ভারত—কোনো দেশের সরকারই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই শর্তগুলোর কথা নিশ্চিত করেনি।
বিবিসিকে দেওয়া তথ্যে দিল্লির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে। প্রথমত, শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন, তখন তিনি বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে করে এসেছিলেন। তাই তাকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই সম্পন্ন করতে হবে।
এই হস্তান্তর প্রক্রিয়া আকাশপথ অথবা স্থলপথ—যেকোনো মাধ্যমেই হতে পারে। অর্থাৎ, বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্টে এসে বাংলাদেশ সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। দিল্লির পক্ষ থেকে এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি নিতে তারা প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।
দ্বিতীয় শর্তটি হলো, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে।
তবে ভারত এই বিষয়ে অত্যন্ত সতর্ক। তারা চাইছে না যে তাদের এই দাবি বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় কোনো বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে গণ্য হোক। এই কারণেই তারা প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করছে না।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, “আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।” সেই বিচার যেন আন্তর্জাতিক সম্প্রদায় এবং গ্লোবাল মিডিয়ার নজরদারিতে সম্পন্ন হয়, সেটিও নিশ্চিত করতে চায় ভারত বলে ওই কর্মকর্তা জানান।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার ফেরার পথ প্রশস্ত করতে গত কয়েক মাস ধরে পর্দার আড়ালে ঢাকার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দিল্লি।
এর আগে বাংলাদেশ কর্তৃপক্ষ বারবার হাসিনাকে ফেরত চেয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ৯ নভেম্বর তিনি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য ব্রিটিশ এক ল’ ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছিলেন। যদি এই খবরটি সত্য হয়, তবে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
রয়টার্সের তথ্যমতে, সরকার তার এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তবে হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করতে চান।
ডিসেম্বরের পরিকল্পনার কথা ঘোষণার আগেই ভারতীয় কর্মকর্তারা হাসিনার সাথে তার ফেরার বিষয়ে আলোচনা করেছিলেন। নয়াদিল্লি কয়েক মাস ধরে ঢাকার সাথে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে আসছিল, যেখানে সামরিক পদক্ষেপের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সমন্বয় এবং তাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে তারা আগ্রহী ছিল।
গত ৬ অক্টোবর দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তবে এক সামরিক সূত্র ইঙ্গিত দিয়েছেন যে, এই বৈঠকে হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়েও আলাপ হয়ে থাকতে পারে।
অন্যদিকে, গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ফেসবুকে এক পোস্টে বলেন, অন্য দেশগুলো হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়। তাই বাংলাদেশে ফেরাকেই তিনি তার শেষ বিকল্প হিসেবে দেখছেন।
দিল্লির অধিকাংশ পর্যবেক্ষকের মতে, ঘটনাপ্রবাহে খুব নাটকীয় কোনো মোড় না এলে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ।