চৌদ্দগ্রাম থানা পুলিশ গণঅধিকার পরিষদ মনোনীত (জিওপি) চৌদ্দগ্রাম আসনের এমপি প্রার্থী কেএম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ফরিদ আমিন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের অর্থ চুরির একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) ভোররাতে ফরিদ আমিনের নিজ এলাকা উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই থেকে তাকে আটক করা হয়।

ঘটনা প্রসঙ্গে চৌদ্দগ্রাম থানার এস আই আবুল কালাম মুক্তকণ্ঠকে জানান, “টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ফরিদ আমিন। ওই সময়ে তিনি ব্যাংকের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।”

গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পর্কে তিনি আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।”