জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং মশার প্রজননস্থলগুলো সম্পূর্ণ ধ্বংস করা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য যথাযথ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

কেবল স্বাস্থ্য খাতের কথা নয়, পিরোজপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।

রোববার (১১ অক্টোবর) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এসব গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

সভায় কথা বলার সময় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পিরোজপুর গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কাম্য নয়। জনস্বার্থে নেওয়া সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন যে, জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা এবং জনসেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।

পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আহম্মদ সোহেল মনজুর। মাদকদ্রব্যের বিস্তার ও মাদকব্যবসা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে কঠোর নজরদারি ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

উক্ত সভায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কথা বলে এমপি মাসুদ সাঈদী বলেন, “পিরোজপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নিতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সব মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি। পূজামণ্ডপে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।