দেশের আবাসন খাতের মানোন্নয়নে এবং উন্নত বিশ্বের আদলে আধুনিক স্থাপত্যশৈলীর ছোঁয়া আনতে একের পর এক উচ্চ ভবন নির্মাণ করছে শান্তা হোল্ডিংস। প্রতিষ্ঠানটির এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড, বহুজাতিক কোম্পানি এবং দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো এখন একই ছাদের নিচে বিশ্বমানের কর্মপরিবেশ খুঁজে পাচ্ছে।

বর্তমানে ঢাকার তেজগাঁও এলাকাটি একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দ্রুত রূপান্তর হচ্ছে। এই পরিবর্তনের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে শান্তা হোল্ডিংসের নির্মাণ করা ৪০ তলা বিশিষ্ট ভবন ‘শান্তা পিনাকল’। প্রায় ৫০০ ফুট উচ্চতার এই বিশাল স্থাপনাটি প্রায় ৬ লাখ ৭০ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। ভবনটির নকশা প্রণয়নে নেতৃত্ব দিয়েছেন স্থপতি এহসান খান, যার সাথে কাজ করেছেন একদল দেশি ও বিদেশি বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, দেশের ইতিহাসে এই প্রথম কোনো ভবনে পারফরম্যান্স মক-আপ ও উইন্ড টানেল টেস্টিং সম্পন্ন করা হয়েছে।

অন্যদিকে, হাতিরঝিলের মনোরম পরিবেশ এবং উন্নত যোগাযোগব্যবস্থাকে কাজে লাগিয়ে রাজধানীর আকাশরেখায় নতুন সংযোজন হতে যাচ্ছে শান্তা হোল্ডিংসের ‘ঢাকা টাওয়ার’।

এই ঢাকা টাওয়ার নির্মাণের জন্য ডাচ স্থাপত্য প্রতিষ্ঠান ওএমএর সঙ্গে যৌথভাবে কাজ করছে শান্তা হোল্ডিংস। ১৫০ মিটার উচ্চতার এই বিশাল টাওয়ারটি ২০ লাখ বর্গফুটের এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত হবে, যেখানে থাকছে অত্যাধুনিক বাণিজ্যিক কেন্দ্র এবং খুচরা বিক্রয়কেন্দ্র। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মতে, উদীয়মান অর্থনীতি এবং নতুন প্রজন্মের উদ্যমী চেতনারই প্রতীক হিসেবে এই টাওয়ারের ডিজাইন করা হয়েছে।