মক্কা চুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জানান, তুরস্ক সরকারের সঙ্গে অনুষ্ঠিত আলাপ-আলোচনায় দেশের শিক্ষা ব্যবস্থা, পোশাক শিল্প বা গার্মেন্টস সেক্টর এবং মক্কা প্যাক্টসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর এবং সৌদি আরবে ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

সফর প্রসঙ্গে জামায়াত আমির উল্লেখ করেন, তুরস্ক ইন্টারন্যাশনাল কনফারেন্সে তাঁর অংশগ্রহণের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে যথাযথভাবে তুলে ধরা।

বিশ্বশান্তি প্রসঙ্গে তিনি বলেন, “কোনো হামলায় বিশ্বের জন্য কল্যাণকর নয়”, বরং আলোচনার মাধ্যমেই পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করেন।

উল্লেখ্য যে, গত ৭ অক্টোবর ডা. শফিকুর রহমান তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজে’ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশ ত্যাগ করেন।

তুরস্কে পৌঁছানোর পর ৮ অক্টোবর তিনি তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে স্পিকারের পাশাপাশি তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের সেই আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডা. শফিকুর রহমান।

উক্ত সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে মূলত বাংলাদেশের বর্তমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো গঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা ও সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।