মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে মাঝ আকাশে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৩) নামের এক প্রবাসী বাংলাদেশির আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন জসিম। তবে বিমানটি আকাশে ওড়ার মাত্র দুই ঘণ্টা পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত জসিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোহাম্মদ ছৈয়দ মিয়ার পুত্র। তিনি দীর্ঘ প্রায় ১২ বছর ধরে মোজাম্বিকে প্রবাসজীবন অতিবাহিত করছিলেন। গত বছরও তিনি একবার দেশে এসেছিলেন। মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে তিনি বসবাস করতেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোজাম্বিক প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি এম আর মুজিব।
প্রাপ্ত তথ্যানুসারে, মোহাম্মদ জসিম উদ্দিন মোজাম্বিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হওয়ার প্রায় দুই ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বিমানটি কাতারের বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত জরুরি চিকিৎসা দলের সদস্যরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ কাতার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
জসিম উদ্দিনের বড় ভাই মো. ইউনুছ বলেন, ‘শুক্রবার রাতে ভাইয়ের মৃত্যুর খবর পাই আমরা। প্রাথমিকভাবে ধারণা করছি তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিল। আমরা কাতার থেকে তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করছি।’
পরিবারের শোকের কথা জানিয়ে মো. ইউনুছ আরও বলেন, ‘জসিম উদ্দিনের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুকে আমাদের পরিবারে বড় ধাক্কা লাগল।’