লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়ন পরিষদের সদস্য এবং যুবলীগ নেতা শাহজান মেম্বারকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) নোয়াখালীর সোনাইমুড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোনাইমুড়ী থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া শাহজান মেম্বারের বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুর রহমান মুক্তকণ্ঠকে জানান, “শাহজানের বিরুদ্ধে সরকারবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”