জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তাদের দলীয় পরিচিতিতে নতুন পরিবর্তন এনেছে। দলের নতুন লোগো এবং ওয়েবসাইট উন্মোচন করার পাশাপাশি আগামী বছরের ২ জানুয়ারি জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর আসাদ গেট এলাকায় অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম কমিটির এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। তিন ঘণ্টা স্থায়ী এই দীর্ঘ বৈঠকে দলের গঠনতন্ত্র সংস্কার, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ এবং ১১ দলীয় ঐক্যের মধ্যে জাগপার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠক শেষে জাগপার সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, “আমরা সংবিধান সংস্কারের কথা বলি, কিন্তু নিজেদের দলের সংবিধান তথা গঠনতন্ত্রে অনেক ফাঁক রেখে দিই। আধিপত্যবাদ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে সব পর্যায়ে সংস্কার প্রয়োজন। তাই সাধারণত দলের গঠনতন্ত্র সংশোধন করা হলেও এবার আমরা নতুন করে ঢেলে সাজিয়েছি, সংস্কার করেছি। ১১ দলীয় ঐক্যের শরিক দল হিসেবে আন্দোলন-সংগ্রামে আরও জোরালো ভূমিকা রাখার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে।”
দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন জানান, আগামী ২ জানুয়ারি দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এই সম্মেলনের আগে সারা দেশে দলের সকল সাংগঠনিক জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এবারের জাতীয় সম্মেলনটি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন করা হবে।
জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “আগের প্রজন্মের ঐতিহ্য ও নতুন প্রজন্মের চাহিদার সমন্বয়ে দলের নতুন লোগো ও ওয়েবসাইট তৈরি করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে যেসব ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় জাগপার যোগ্য প্রার্থী রয়েছেন, তারা অংশ নেবেন। তবে সিটি করপোরেশন নির্বাচনে জাগপা কোনো প্রার্থী দেবে না। এসব নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের যোগ্য প্রার্থীকে সমর্থন দেবে দলটি।”
ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রথম সহসভাপতি রাশেদ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মু. মুজিবুর রহমান, হাজী মো. হাসমত উল্লাহ এবং মো. শামীম আখতার পাইলট।