প্রতিকূলতাকে জয় করে নিজের গ্রামকে আলোকিত করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার মদনপুরের তরুণ রিয়াজ। চরম সংকট এবং সুযোগের অভাবকে পেছনে ফেলে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নিজ গ্রামের অবহেলিত শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
রিয়াজ ২০২২ সালে মুক্তকণ্ঠ ট্রাস্ট পরিচালিত মদনপুর আলোর পাঠশালা থেকে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি ভোলা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়নরত। চার ভাই ও এক বোনের মধ্যে সবাই মদনপুর আলোর পাঠশালা থেকেই পড়াশোনা করেছেন। তার বড় ভাই মো. সোহেলও একই বিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে বর্তমানে ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত আছেন।
রিয়াজ তার অতীতের সংগ্রামকে স্মরণ করে জানান, “তারা যখন চরের স্কুলে পড়াশোনা করেছেন, তখন বিদ্যালয়ের কোনো স্থায়ী ভবন ছিল না। ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত কক্ষে ক্লাস করতে হতো। শিক্ষক সংকটের পাশাপাশি যাতায়াতের জন্য ভালো রাস্তাঘাটও ছিল না; যা পড়ালেখার অনুকূলে ছিল না।” তবে শত প্রতিকূলতার পরও তারা হাল ছাড়েননি।
বর্তমানে মদনপুরে রাস্তাঘাট ও বিদ্যালয় ভবনসহ শিক্ষার পরিবেশের ব্যাপক উন্নতি হয়েছে। তবে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন রিয়াজ। তাই তিনি নিজে পড়াশোনার পাশাপাশি গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রিয়াজের বিশ্বাস, ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় মদনপুর চরের প্রতিটি শিক্ষার্থী শিক্ষিত হবে এবং একদিন পুরো মদনপুর গ্রামটি আলোর পাঠশালার প্রকৃত অর্থে আলোকিত একটি জনপদে রূপ নেবে।