‘শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত শক্তি বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় এক বিশেষ অভিভাবক সভার আয়োজন করা হয়। মুক্তকণ্ঠ ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানে গত ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং অর্ধশতাধিক অভিভাবক। সভায় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পাঠ্যবইয়ে গভীর মনোযোগ দেওয়া, ব্যক্তিগত ও পরিবেশগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করেন।

সভার এক পর্যায়ে অভিভাবকরাও তাদের মূল্যবান মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাহিমের মা মোসা. ফরিদা বেগম তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমার ছেলে আগে পড়াশোনায় এত মনোযোগী ছিল না। এই স্কুলে ভর্তি হওয়ার পর তাকে আর পড়তে বসার কথা বলতে হয় না। সন্ধ্যা হলে সে নিজেই বই-খাতা নিয়ে পড়তে বসে যায়। এটা দেখে আমার খুব ভালো লাগে।’

ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শামীমা আক্তার তাঁর বক্তব্যে বলেন, ‘আলোর পাঠশালা শুধু একটি স্কুল নয়, এটি আমাদের সন্তানদের স্বপ্ন দেখার জায়গা। শিক্ষকেরা যেভাবে পরিশ্রম করছেন, আমরাও বাড়িতে আমাদের সন্তানদের পাশে থাকব। শিক্ষক-অভিভাবকের এই বন্ধনই আমাদের সমৃদ্ধির পথ দেখাবে।’

সভার সভাপতির আসনটি ছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিত দাসের। তাঁর সমাপনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা এবং কেবল মেধাবী শিক্ষার্থী হিসেবে নয়, বরং একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন। পাশাপাশি তিনি বর্তমান সময়ে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কুফল, ২০২৬ সালের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরিশেষে, অভিভাবকদের বিভিন্ন জিজ্ঞাসা ও মতামতের যথাযথ উত্তর প্রদানের মাধ্যমে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।