প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি সক্ষমতা এবং দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সাভারের নয়ারহাট এলাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) আয়োজিত ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ’-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
শিক্ষক নিয়োগের বর্তমান প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নির্দিষ্ট নীতিমালা ও নীতিগত কাঠামোর ভিত্তিতেই নিয়োগের এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কিছু ক্ষেত্রে সামান্য দুর্বলতা বা ভুলত্রুটি তৈরি হয়ে থাকতে পারে, তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তা সংশোধন করার কাজ করছে। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের সার্বিক মান, পাঠদান তদারকি ও কারিকুলাম উন্নয়নসহ প্রতিটি খাত নিয়ে একযোগে কাজ করছে। পুরো শিক্ষাব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজাতে এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি স্পষ্টভাবে জানান, “আগামী দিনে যাদের সুন্দরভাবে দায়িত্ব পালনের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে, কেবল তাদেরকেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়া নিটারের শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।