দিনাজপুরের বীরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিমল দেবনাথ (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়।
নিহত বিমল দেবনাথ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী এলাকার রাঙ্গালীপাড়া গ্রামের বাসিন্দা রমেশ দেবনাথের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন বিমলের স্ত্রী দীপ্তি দেবনাথ এবং একই উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ি সরকারপাড়া গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমল দেবনাথ, তার স্ত্রী দীপ্তি দেবনাথ এবং রোজিনা আক্তার নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তারা নীলফামারী থেকে মোটরসাইকেলে করে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে সাহেবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একটি ট্রলির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বিমল দেবনাথ ঘটনাস্থলেই নিহত হন। একই সময়ে তার স্ত্রী দীপ্তি দেবনাথ ও রোজিনা আক্তার গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।"