স্বয়ংক্রিয় বটের মাধ্যমে রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুল পরিমাণ টিকিট কৃত্রিমভাবে ব্লক করে তা কালোবাজারে চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। এই অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। সংশ্লিষ্ট ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে ব্লক করা, অপরাধীদের গ্রেপ্তার এবং ই-টিকিটিং ব্যবস্থার নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি ‘bookmyrailbd.com’ নামক একটি অননুমোদিত ও অবৈধ ওয়েবসাইট স্বয়ংক্রিয় বট ব্যবহার করে রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করছে। পরবর্তীতে এই টিকিটগুলো অতিরিক্ত মূল্যে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। এই ধরনের সাইবার অপরাধের ফলে সাধারণ যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট পাচ্ছেন না, যা একই সঙ্গে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।
যাত্রীদের স্বার্থ রক্ষায় রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমত, টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে ই-টিকিটিং সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বিতীয়ত, উক্ত অবৈধ ওয়েবসাইট, এর আইপি ঠিকানা এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপটি বাংলাদেশ থেকে ব্লক করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ রেলওয়ে।
তৃতীয়ত, এই অবৈধ চক্রের সদস্যদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি পাঠানো হয়েছে।
যাত্রীদের সতর্ক করে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টিকিট কেনার জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ‘eticket.railway.gov.bd’ এবং Rail Sheba অ্যাপ ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। এছাড়া কোনো অননুমোদিত মাধ্যম থেকে টিকিট না কেনার পাশাপাশি কালোবাজারির কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।